ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিত
মেঘনাবার্তা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে শনিবার দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে সাংবাদিক ও পুলিশ সদস্যও ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা–১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। স্থানীয় বিএনপি ও বিজেপি নেতারা পরস্পরকে দোষারোপ করছেন।
এমবি এইচআর

