কক্সবাজার-১ আসনে লড়বেন সালাহউদ্দিন আহমদ
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে, আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রার্থী হবেন কক্সবাজার-১ আসনে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত দলটির স্থায়ী কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে অংশ নেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাচন কমিশনের ঘোষণামতে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
এমবি এইচআর

