চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে পুরোনোতেই ভরসা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আগের মতো এবারও দলটি ভরসা রেখেছে অভিজ্ঞ ও পুরনো প্রার্থীদের ওপর। নতুন কাউকে মনোনয়ন না দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আগের মতো এবারও দলটি ভরসা রেখেছে অভিজ্ঞ ও পুরনো প্রার্থীদের ওপর। নতুন কাউকে মনোনয়ন না দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।
চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদের নাম ঘোষণা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের প্রার্থী হারুনুর রশিদ বলেন, দলীয় জরিপ, মাঠ পর্যায়ের সক্রিয়তা, জনগণের সঙ্গে সম্পর্ক এবং জয়ের সম্ভাবনা—এসব বিষয় বিবেচনাতেই মনোনয়ন দেওয়া হয়েছে। অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের প্রতি দলের আস্থা ছিল মূল নির্ণায়ক বিষয়।
মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, “জাতীয় নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। আমরা চাই নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। দীর্ঘদিন পর গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হোক, যাতে দেশে সুশাসন প্রতিষ্ঠা পায়।”
চাঁপাইনবাবগঞ্জকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে হারুনুর রশিদ আরও বলেন, “আমরা অতীতে পাঁচবার জামায়াতের বিপক্ষে জয় পেয়েছি। এবারও তিনটি আসনে জয়লাভে আশাবাদী।”
নির্বাচন নিয়ে বিএনপির আত্মবিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের বিকল্প নেই। এটি হতে হবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। ভোট পরিচালনাকারীরা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, সেটাই প্রত্যাশা।”
একই সঙ্গে তিনি আওয়ামী লীগের শাসন নিয়ে সমালোচনা করে বলেন, “গত ১৫ বছরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, গুম-খুনের রাজনীতি চালু হয়েছে। এসবের বিচার অবশ্যই হওয়া উচিত।” তবে তিনি আরও যোগ করেন, “সব আওয়ামী লীগ নেতাই অপরাধী নন। জাতীয় ঐক্যের মাধ্যমে গুম-খুন ও দুর্নীতির রাজনীতি থেকে বেরিয়ে আসা সম্ভব।”
দলের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মনোনয়ন না পাওয়া নেতারাও। প্রার্থী ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে বিএনপির তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা জানিয়েছেন, পরীক্ষিত নেতৃত্বের হাতে দায়িত্ব দেওয়ায় তারা উজ্জীবিত এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছেন।
এমবি এইচআর

