সব জল্পনার অবসান, হবিগঞ্জ-১ এ ধানের শীষ পেলেন রেজা কিবরিয়া
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া মনোনয়ন পাওয়ার পর বলেন, “বিএনপির মতো একটি বড় দলের প্রতীক পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এর ফলে নবীগঞ্জ–বাহুবলবাসীর কল্যাণে কাজ করার সুযোগ পেলাম। প্রথমেই বাবার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো এগিয়ে নিতে চাই। উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ স্থাপনসহ এলাকায় আন্তর্জাতিকমানের শিক্ষিত জনশক্তি গড়ে তুলতে যা প্রয়োজন সবই করবো।”
এই আসনে আরও চারজন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আলোচনায় ছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস। তবে কয়েক সপ্তাহ ধরেই রেজা কিবরিয়ার নামই সবচেয়ে বেশি আলোচনায় ছিল।
শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন—এমন জল্পনাও ছিল। কিন্তু ধীরে ধীরে বিএনপিতে যোগ দেওয়া এবং মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রবল হয়। শেষ কয়েক দিনে বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেলে আগের মনোনয়নপ্রত্যাশীরা মাঠে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েন।
এমবি এইচআর

