হাদির উপর হামলা নির্বাচন বানচালের চেষ্টা : সালাহউদ্দিন
যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘চট্টগ্রামে আগের একটি হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যদি সময়মতো ও কার্যকর ব্যবস্থা নিত, তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ অঙ্গীকারের সঙ্গে বিএনপি এই ঘটনার সুষ্ঠু তদন্তে সহযোগিতা করবে।’
ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক বিতর্ক থাকবে, কিন্তু ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্য বজায় থাকলে জাতীয়ভাবে এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘ইনকিলাব মঞ্চের উদ্যোগে আগামীকাল যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, সেখানে অংশ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বিএনপি সেখানে যাবে। হাদির পাশাপাশি আরও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে পতিত ফ্যাসিবাদ যদি মনে করে নির্বাচন বানচাল করা যাবে, তাহলে তারা ভুল করছে।’
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এমবি এইচআর

