ওসমান হাদিকে নিয়ে মন্তব্যে সিইসির জবাবদিহি চান শফিকুর রহমান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বক্তব্যের কঠোর সমালোচনা করে তার ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Dec 15, 2025 - 19:03
 0  3
ওসমান হাদিকে নিয়ে মন্তব্যে সিইসির জবাবদিহি চান শফিকুর রহমান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বক্তব্যের কঠোর সমালোচনা করে তার ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

জামায়াত আমির বলেন, ‘ওসমান হাদির ওপর এই বেদনাদায়ক ও কাপুরুষোচিত হামলার ঘটনায় আজ গোটা দেশবাসী—যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে—তারা সবাই গভীরভাবে ব্যথিত। এমন এক প্রেক্ষাপটে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের প্রধান যে বক্তব্য দিয়েছেন, তা আমার মতো বহু মানুষকে আহত করেছে।’

তিনি বলেন, সিইসির বক্তব্য জাতি ভালোভাবে গ্রহণ করেনি। ‘আমি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো—আপনাকে আপনার বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। জাতির মনে আপনার বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছে, তা দূর করার দায়িত্বও আপনার। আপনি যে স্পর্শকাতর দায়িত্বে আছেন, সেই দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত—এটি আপনাকেই প্রমাণ করতে হবে। দেরি না করে জাতির সামনে বক্তব্যটি স্পষ্ট করুন। তাহলে জাতি সিদ্ধান্ত নেবে।’

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করবো—কেউ যেন দায়িত্বজ্ঞানহীন আচরণ না করেন। জাতি সকল স্তর থেকেই দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করে।’

ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তার জীবন নিয়ে জামায়াত গভীরভাবে শঙ্কিত। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোয় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, তরুণ বিপ্লবীরা আহত বা মৃত্যুমুখে পৌঁছানোর পর সরকার নড়েচড়ে বসবে—এমন পরিস্থিতি যেন আর না আসে। কাউকে যাতে এ ধরনের দুঃসাহস দেখাতে না পারে, সে জন্য সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পদত্যাগের দাবির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা পদত্যাগ চাই না; আমরা চাই দায়িত্ব পালনের যোগ্যতা প্রমাণ করা হোক। যদি তা ব্যর্থ হয়, মনে রাখতে হবে—৫ আগস্ট বারবার ফিরে আসতে পারে। যদিও আমরা তা কামনা করি না।’

তিনি আরও বলেন, তরুণদের আত্মত্যাগের কারণেই জুলাই গণ–অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সে কারণেই তরুণ ও বিপ্লবীদের টার্গেট করা হচ্ছে। দুষ্কৃতকারীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোমাদের প্রতিটি বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দেবে—ইনশা আল্লাহ।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম ও রফিকুল ইসলাম খান। আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন আসনের প্রার্থীরা। সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং সঞ্চালনা করেন অফিস সেক্রেটারি কামরুল আহসান।

এমবি এইচআর