মুস্তাফিজ বিতর্কে নতুন মোড়, বিসিসিআইয়ের ভেতরের বিভাজন প্রকাশ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Jan 6, 2026 - 12:27
 0  2
মুস্তাফিজ বিতর্কে নতুন মোড়, বিসিসিআইয়ের ভেতরের বিভাজন প্রকাশ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ঘটনার প্রেক্ষাপটে বিসিবি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।

এদিকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোড়ন তুলেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে, এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের সব কর্মকর্তা কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, যে বৈঠকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, সেখানে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্য উপস্থিত ছিলেন না। অথচ গত মাসের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই বাঁহাতি পেসারকে ছাড়ার বিষয়টি বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে এক বিসিসিআই কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো মতামতও নেওয়া হয়নি।’

শনিবার বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

এমবি এইচআর