আজকের আবহাওয়া পূর্বাভাস

Oct 27, 2025 - 10:17
 0  2
আজকের আবহাওয়া পূর্বাভাস

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানী ঢাকায় আজও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গরমের দাপট অব্যাহত থাকতে পারে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সকাল থেকে আকাশে কিছুটা মেঘ দেখা গেলেও সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে—আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ থাকবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমবি/এসআর