বাড়ছে শীতের তীব্রতা, ১৪.২ ডিগ্রি তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

Nov 15, 2025 - 10:20
 0  2
বাড়ছে শীতের তীব্রতা, ১৪.২ ডিগ্রি তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

মেঘনাবার্তা প্রতিনিধি:
উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দমক ক্রমেই বাড়ছে। ভোরে হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে চারদিক জমে ওঠে, আর ঘন কুয়াশায় সকাল আরও শীতল হয়ে পড়ে। তবে সূর্য ওঠার পর কিছুটা উষ্ণতা ফিরে আসে, যা স্বস্তি দেয় স্থানীয়দের। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

গত কয়েক দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, তার আগের দিন ১৩ দশমিক ৪ ডিগ্রি এবং বুধবার রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের পরে রোদ উঠতে শুরু করলে কিছুটা উষ্ণতা অনুভূত হয়। স্থানীয় বাসিন্দা রাকিব মাহমুদ বলেন, ‘ভোরে বাইরে বের হওয়া কষ্টকর, প্রচণ্ড ঠান্ডা লাগে। কিন্তু সূর্য উঠলেই শীত অনেকটাই কমে যায়। তখন বাইরে কাজ করাও সহজ হয়।’

আরেক বাসিন্দা ইসহাক মিয়া জানান, ‘সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাস্তায় থাকতে হয়। এই ঠান্ডায় বাইক চালালে পুরো শরীর ঢেকে নিতে হয়—মুখ, হাত, গলা কিছুই খোলা রাখা যায় না। না হলে ঠান্ডা সহ্য করা যায় না।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘ভোররাতে ঠান্ডা বাতাস বেশি সক্রিয় থাকায় তাপমাত্রা দ্রুত নেমে যায়। তবে সূর্য উঠলে স্বাভাবিকভাবেই কিছুটা উষ্ণতা ফেরে। টানা কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে আছে। চলতি মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।’

এমবি/এসআর