মেঘনায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় জেলেদের নৌকাডুবি, একজন নিখোঁজ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ছয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

Sep 29, 2025 - 17:49
 0  2
মেঘনায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় জেলেদের নৌকাডুবি, একজন নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর উপজেলায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ছয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলে সাঁতরে রক্ষা পেলেও নিখোঁজ রয়েছেন এক জেলে। আজ সোমবার সকালে উপজেলার চরকিশোরগঞ্জের মোল্লারচরসংলগ্ন নদীতে দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ ওই জেলের নাম মোহাম্মদ শরীফ (৩২)। তিনি মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিখোঁজের স্বজনদের সূত্রে জানা যায়, শরীফ গত ছয় মাস আগে মুরগির দোকানে কাজ করতেন। সেখানে কাজের সুবিধা না থাকায় ছয় মাস ধরে স্থানীয় জেলেদের সঙ্গে মাছ ধরার কাজ করছিলেন। প্রতিদিন ভোরের দিকে পদ্মা-মেঘনায় কাঠের ট্রলারে মাছ ধরতে যেতেন তিনি। আজ ভোরে স্থানীয় জেলেদের সঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে যান। সকালে শহরের মোল্লারচর এলাকার পাশে মেঘনা নদীতে মাছ ধরছিলেন শরীফসহ অন্য জেলেরা। ওই সময় বালুবাহী একটি বাল্কহেড ট্রলারের ওপর উঠিয়ে দেয়। এতে ট্রলারটি মুহূর্তের মধ্যে নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার থেকে পাঁচজন তীরে সাঁতরে উঠেন, তবে নিখোঁজ হন শরীফ।

এমবি/টিআই