চাঁপাইনবাবগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের
চাঁপাইনবাবগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মিলন (৬০) এবং পরে রাত পৌনে ১০টার দিকে মো. আলম (৫৫) মারা যান।
নিহত দুই ভাই চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মারকইল-সাহাপুকুর গ্রামের প্রয়াত নওশাদ আলীর ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে মিলন ও আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় মিলন ও রাত পৌনে ১০টার দিকে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, “ঘটনাটি রাজনৈতিক নয়, স্থানীয় বিরোধের জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।”
একই দাবি করেন বিএনপি নেতা আবু তাহের খোকনও। তিনি বলেন, “এটি পুরোপুরি স্থানীয় বিরোধের ঘটনা, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
এমবি/টিআই

