দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ১ নভেম্বর থেকে
নয় মাসের নীরবতা শেষে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে পুনরায় শুরু হচ্ছে দ্বীপে জাহাজ চলাচল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নয় মাসের নীরবতা শেষে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে পুনরায় শুরু হচ্ছে দ্বীপে জাহাজ চলাচল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নীতিগত সম্মতিতে সীমিত আকারে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দ্বীপটির দ্বার।
কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। পরিবেশগত কারণ বিবেচনায় উখিয়ার ইনানী রুটে জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে, কারণ ইনানী এলাকা সরকার ঘোষিত ‘পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ)’।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন জানিয়েছেন, আগের নিয়মেই নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ চলবে। তিনি বলেন, ইনানী রুটে জাহাজ চলাচলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ গুজব—সরকার এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, নভেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনভিত্তিক ভ্রমণ করতে পারবেন; ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিতভাবে রাতযাপনের অনুমতি দেওয়া হবে। ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে।
প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। দ্বীপে পলিথিন ব্যবহার, মোটরযান চলাচল, বারবিকিউ পার্টি ও উচ্চ শব্দে গান বাজানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সরকার জানিয়েছে, এসব বিধিনিষেধ সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে গত নয় মাস ধরে দ্বীপে পর্যটক প্রবেশ সম্পূর্ণ বন্ধ ছিল। এতে থমকে ছিল স্থানীয় অর্থনীতি, জেটিঘাটে জাহাজ চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন শতাধিক কর্মী।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানিয়েছেন, প্রতিদিন নুনিয়ারছড়া ঘাট থেকে সর্বোচ্চ দুই হাজার পর্যটককে সেন্টমার্টিনে যেতে দেওয়া হবে। পর্যটক পরিবহনের জন্য ছয়টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে।
দ্বীপে ভ্রমণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত বিধিনিষেধ তদারকিতে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও ভ্রমণ নির্বিঘ্ন রাখতে কাজ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এমবি এইচআর

