চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সংঘর্ষ, ‘জুলাইযোদ্ধাদের’ ওপর হামলার অভিযোগ

Oct 30, 2025 - 10:39
 0  3
চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সংঘর্ষ, ‘জুলাইযোদ্ধাদের’ ওপর হামলার অভিযোগ

মেঘনাবার্তা প্রতিনিধি: চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ‘জুলাইযোদ্ধাদের’ ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ—তারা হলেন মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার কয়েকজন জানিয়েছেন, ম্যাচ চলাকালে কিছু দর্শক সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করলে তারা আপত্তি জানান। পরে পুনরায় প্লাকার্ড তোলায় বাধা দিতে গেলে অপর পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায়।

পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন জানান, “ঘটনার পর ৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এমবি/এসআর