ট্রাফিক সার্জেন্টকে হুমকি, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’

রাজধানীর উত্তরায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা দিয়েছেন।

Oct 30, 2025 - 14:26
 0  4
ট্রাফিক সার্জেন্টকে হুমকি, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা দিয়েছেন। হেলমেট না পরায় থামানো হলে তারা সার্জেন্টকে হুমকি দিয়ে বলেন, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার মো. মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মো. মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।

ডিএমপির ট্রাফিক উত্তরা পূর্ব বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে যানজট নিরসনের দায়িত্বে ছিলেন সার্জেন্ট আলী। সকাল ৯টার দিকে তিনি হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের থামান এবং আইন অনুযায়ী মামলা দাখিল করেন।

এ সময় মোটরসাইকেলচালক সাদিকুর রহমান ও তার আরোহী আব্দুর রহিম উত্তেজিত হয়ে সার্জেন্টকে গালাগাল ও হত্যার হুমকি দেন। তারা দাবি করে, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, এখন দেখছি আবার আপনাদের ঝুলিয়ে রাখতে হবে।’

ঘটনার পর সার্জেন্ট বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে উত্তরা পশ্চিম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।

পরে তাদের ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের কারাদণ্ড এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হুমকি দেওয়ার এমন আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধের প্রতি ‘শূন্য সহনশীলতা’ বজায় রাখা হবে।

এমবি এইচআর