চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে ছাত্রলীগের ব্যানার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুটি ব্যানার সাঁটানোর ঘটনা ঘটেছে গভীর রাতে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুটি ব্যানার সাঁটানোর ঘটনা ঘটেছে গভীর রাতে। রবিবার (২ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের উত্তর পাশে ও আলাওল হলের প্রধান ফটকে ব্যানার দুটি ঝুলানো হয় বলে জানিয়েছে প্রশাসন।
দুটি ব্যানারেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং নিচে লেখা ছিল—‘প্রচারে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’। তবে সকালে শিক্ষার্থীরা ব্যানারগুলো খুলে ফেলেন।
বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের শিক্ষার্থী রাফসান আহমেদ জানান, “রাত তিনটার দিকে আমি ২ নম্বর গেটে খাবার খেতে যাই, তখন কোনো ব্যানার ছিল না। কিন্তু ভোর পাঁচটার দিকে হলে ফিরে দেখি ফটকে ব্যানার লাগানো হয়েছে। কে বা কারা লাগিয়েছে, জানা যায়নি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, রাত চারটা থেকে পাঁচটার মধ্যে এগুলো লাগানো হয়েছিল। ওই সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা সাধারণত টহলে থাকেন না। আমরা সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। তাই বিষয়টি নিয়ে শিগগিরই চাকসু ও হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে।”
এমবি/টিআই

