বিড়ালের গলা কেটে হত্যার ঘটনায় নারীর বিরুদ্ধে জিডি
বগুড়ার আদমদীঘিতে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি নামে এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি নামে এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ বিড়ালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে।
বিড়াল হত্যার ঘটনায় ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় ডায়েরি করেন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা বুলবুলি নামের এক নারী তার বাড়িতে একটি সাদা-কালো রঙের বিড়ালকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে সেটি বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে দেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেনের। বুধবার তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত বিড়ালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সিডিআইএল-এ পাঠান।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিড়ালের মরদেহ উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এমবি/টিআই

