আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২০
সাভারের আশুলিয়ায় লে-অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিন কারখানার তৈরি পোশাক শ্রমিকরা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় লে-অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিন কারখানার তৈরি পোশাক শ্রমিকরা। সোমবার (১০ নভেম্বর) সকালে ডিইপিজেড এলাকার এ্যাক্টর এক্সপোর্টিং লিমিটেড, সাউথ চায়না ও গোল্ড টেক্স কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নেন।
শ্রমিকদের অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, পরে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন শ্রমিক ও পথচারী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে তিন প্রতিষ্ঠানের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করে আসছিলেন। আজ সকালে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সরে যেতে নির্দেশ দেয়। নির্দেশ না মানায় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
পরে শ্রমিকরা পুনরায় জড়ো হয়ে ডিইপিজেড গেটের সামনে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টার অবরোধে নবীনগর–চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ, রাবার বুলেট ছোড়া ও অতিরিক্ত ফোর্স মোতায়েন করে। শ্রমিকরাও ইট-পাটকেল ছুড়লে উভয়পক্ষে সংঘর্ষ তীব্র হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করে বলেন, তিন মাস ধরে বেতন না পেয়ে তারা চরম ভোগান্তিতে রয়েছেন। পরিবার-পরিজন নিয়ে অনাহারে–অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। কিন্তু শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ অযথা হামলা চালিয়েছে।
এ বিষয়ে শিল্প পুলিশের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।
এমবি এইচআর

