মাদক নিয়ে বাড়ি ঢুকতে বাধা, মা-ভাইকে কুপিয়ে হত্যা
কুমিল্লার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসা ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী পরিণতি ডেকে এনেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কুমিল্লার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসা ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী পরিণতি ডেকে এনেছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে বড় ভাইয়ের ছুরিকাঘাতে একই পরিবারের মা ও ছোট ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্ক তৈরি হয়েছে।
নিহতরা হলেন— বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর ঘাতক বড় ভাই বিল্লাল হোসেন পালিয়ে যান। পুলিশ তার স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ জানায়, বিল্লাল দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। সকালে বিল্লাল মাদক নিয়ে বাড়িতে ঢোকার সময় ছোট ভাই কামাল বাধা দেন। এতে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মা রাহেলা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে রাহেলা বেগম মারা যান।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, ঘাতক বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি/টিআই

