ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৭ দোকান
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে হাবিবউল্লাহ কলেজের সামনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে হাবিবউল্লাহ কলেজের সামনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই পুরো মার্কেট দাউদাউ করে জ্বলে ওঠে।
স্থানীয় সাব্বির মাদবরের মালিকানাধীন মার্কেটে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তিনটি কনফেকশনারি দোকান, দুটি মুদি দোকান, একটি টেইলার্স ও একটি ইন্টারনেট কন্ট্রোল রুমসহ মোট সাতটি দোকানের মালামাল, আসবাবপত্র ও ইলেকট্রনিকস পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—নুর আলম দেওয়ানের কনফেকশনারি ও মুদি দোকান, রুহুল আমিন টেইলার্স, সফি মাদবরের কনফেকশনারি, নাজমা বেগমের কনফেকশনারি, এরশাদ রাড়ির মুদি দোকান, পলাশ সরদারের ইন্টারনেট কন্ট্রোল রুম ও একটি গোডাউন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।
দোকান মালিক সাব্বির মাদবর বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুরো মার্কেট আগুনে বিধ্বস্ত দেখতে পাই। দমকল বাহিনী চেষ্টা করলেও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমার ভাড়াটিয়াদের সবকিছুই পুড়ে গেছে।
ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আমির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
এমবি এইচআর

