সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ, তীব্র যানজট

তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফার্মগেট মোড়ে বিক্ষোভ ও অবরোধ গড়ে তুলেছে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

Dec 11, 2025 - 12:33
 0  3
সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট অবরোধ, তীব্র যানজট
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফার্মগেট মোড়ে বিক্ষোভ ও অবরোধ গড়ে তুলেছে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কলেজের সামনে সমবেত হয়ে তারা প্রথমে বিক্ষোভ শুরু করে এবং পরে ফার্মগেট মোড়ে অবস্থান নিলে সম্পূর্ণ এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন। প্রথমে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সাকিবুলের অবস্থার অবনতি হলে তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে বুধবার (১০ ডিসেম্বর) তিনি মারা যান।

ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। অবরোধের কারণে ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি, বাংলা মোটরসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ঘটনার পর থানায় মামলা দায়ের হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। তিনি আরও জানান, কলেজের প্রধান শিক্ষিকাও ঘটনাস্থলে যাচ্ছেন। শিক্ষার্থীরা জানিয়েছে, বুধবার প্রধান শিক্ষিকার দেওয়া বিবৃতিতে অসন্তোষের কারণেই তারা আজকের আন্দোলনে নেমেছে।

এমবি এইচআর