অর্থ উপদেষ্টাকে আটকে রাখায় সচিবালয় থেকে চার কর্মচারী আটক
সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করার ঘটনায় চার কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের ভেতর থেকে তাদের আটক করে ডিএমপি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করার ঘটনায় চার কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের ভেতর থেকে তাদের আটক করে ডিএমপি। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে কর্মকর্তা সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর, সহসভাপতি শাহিন গোলাম রাব্বানী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নিজামুদ্দিন। অপর এক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বলেন, যাচাই-বাছাই করে দেখা হবে কার কতটুকু দায় রয়েছে। সচিবালয়ের মতো কেপিআই এলাকায় আইন ভঙ্গের অভিযোগে বেছে বেছে কয়েকজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ভিডিওফুটেজ বিশ্লেষণের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সচিবালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ বা বিক্ষোভের অনুমতি নেই। গত দুই দিন ধরেই আন্দোলনকারীদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা নির্দেশনা মানেনি। বুধবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত ‘সচিবালয় ভাতা’র দাবিতে অর্থ উপদেষ্টাকে আটকে রাখেন কর্মচারীরা। পরে বিশেষায়িত পুলিশ ইউনিটের সহায়তায় তাকে নিরাপদে বের করে আনা হয়।
ডিএমপি কর্মকর্তার ভাষ্য, আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমবি এইচআর

