শীত নিবারণে রাখা কয়লা থেকে অগ্নিকাণ্ড, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

শরীয়তপুর সদরে শীত নিবারণের জন্য বিছানার পাশে মাটির পাত্রে রাখা জ্বলন্ত কয়লা থেকে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Dec 13, 2025 - 12:50
 0  2
শীত নিবারণে রাখা কয়লা থেকে অগ্নিকাণ্ড, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

শরীয়তপুর সদরে শীত নিবারণের জন্য বিছানার পাশে মাটির পাত্রে রাখা জ্বলন্ত কয়লা থেকে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে বিছানার ওপরই ছাই হয়ে গেছে তার মরদেহ। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম কামরুন নাহার (৮০)। তিনি রুদ্রকর এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ের বিয়ের পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর বিছানার ওপর বৃদ্ধার মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীত নিবারণের জন্য মাটির পাত্রে রাখা জ্বলন্ত কয়লার আগুন বিছানায় পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড বলেই মনে হচ্ছে। শীত থেকে বাঁচতে ব্যবহৃত কয়লার আগুন বিছানায় পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের মেয়ের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি এইচআর