স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ ব্লকেড কর্মসূচিতে নামেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।
জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হলেও হামলার মূল হোতাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা।
নেতারা আরও বলেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের দাবি, জনবিপ্লবকে নস্যাৎ করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, মানবপাচারে জড়িত একটি চক্রের দুই সহযোগী, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ আরও দুইজন।
সবশেষ রোববার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ফয়সালের স্বাক্ষরযুক্ত বিপুল পরিমাণ চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাদির এক আত্মীয় মামলার বাদী হন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এএসআই রকিবুল হাসান।
এমবি এইচআর

