নির্বাচনী ট্রেন চলছে, ট্র্যাকচ্যুতের শঙ্কা আচরণেই: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনের প্রক্রিয়া এখন আর শুরুর অপেক্ষায় নেই—তা ইতোমধ্যে চলতে শুরু করেছে।

Jan 12, 2026 - 16:37
 0  3
নির্বাচনী ট্রেন চলছে, ট্র্যাকচ্যুতের শঙ্কা আচরণেই: বদিউল আলম
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনের প্রক্রিয়া এখন আর শুরুর অপেক্ষায় নেই—তা ইতোমধ্যে চলতে শুরু করেছে। তবে এই যাত্রা কতটা নিরাপদ ও সুষ্ঠু হবে, তা পুরোপুরি নির্ভর করছে রাজনীতিবিদ ও প্রার্থীদের আচরণের ওপর।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বরিশালে সুজন আয়োজিত এক বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠে গেছে। নির্বাচন নিয়ে শঙ্কা আছে ঠিকই, তবে সেটিকে ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ ও তাঁদের মনোনীত প্রার্থীরাই।’

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা এখন অনেকটাই রাজনৈতিক আচরণের ওপর নির্ভর করছে।’ তাঁর মতে, রাজনীতিবিদরা যদি উত্তেজনা কমান, সহিংসতায় না জড়ান এবং সংসদ সদস্য হওয়ার জন্য কোনো ধরনের অপকৌশল পরিহার করেন, তাহলে নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পথে বড় কোনো বাধা থাকবে না।

তিনি আরও বলেন, সদাচরণ নিশ্চিত করা গেলে নির্বাচন নিয়ে যে শঙ্কা ও আশঙ্কা রয়েছে, তা অনেকটাই কেটে যাবে।

‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক এই বিভাগীয় সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা তাঁদের মতামত তুলে ধরেন। আলোচনায় নির্বাচনকালীন আচরণ, রাজনৈতিক সংস্কৃতি এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়।

এমবি এইচআর