২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ১০০৮ শিশুর মর্মান্তিক মৃত্যু

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় এক হাজার আট জন শিশু নিহত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সড়ক ব্যবস্থার খারাপ অবস্থা, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতার অভাব এবং নিয়ন্ত্রণহীন যান চলাচল শিশু মৃত্যুর প্রধান কারণ।

Jan 13, 2026 - 14:40
 0  2
২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ১০০৮ শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় এক হাজার আট জন শিশু নিহত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সড়ক ব্যবস্থার খারাপ অবস্থা, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতার অভাব এবং নিয়ন্ত্রণহীন যান চলাচল শিশু মৃত্যুর প্রধান কারণ। নিহত শিশুদের মধ্যে ৫৩৭ জন বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক বা হেলপার ছিলেন, আর ৪৭১ জন পথচারী হিসেবে মারা গেছেন।

সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে আঞ্চলিক সড়কে ৩৬৪ জনের, এরপর মহাসড়কে ২৮১ জন, গ্রামীণ সড়কে ২৯১ জন এবং শহরের সড়কে ৭২ জন শিশু নিহত হয়েছে। বয়সভিত্তিক হিসেব করলে, এক মাস থেকে ৫ বছর বয়সী ১৭৯ জন, ৬ থেকে ১২ বছর বয়সী ৩৮২ জন এবং ১৩ থেকে ১৭ বছর বয়সী ৪৪৭ জন শিশু মৃত্যুবরণ করেছে।

শিশু মৃত্যুর পেছনে রয়েছে নিরাপদ সড়ক ব্যবস্থার অভাব, শিশুদের নিরাপদ সড়ক ব্যবহারের সচেতনতার ঘাটতি, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে দুর্ঘটনা এবং দুর্ঘটনার পর পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাব। বিশেষ করে গ্রামীণ সড়কে পথচারী শিশুদের হতাহতের হার সবচেয়ে বেশি, কারণ এসব সড়ক বসতবাড়ির পাশেই অবস্থিত এবং সেখানে যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা দুর্বল।

অতএব শিশুদের জন্য নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ সড়ক ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ তহবিল গঠন প্রয়োজন। সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়ন করাও জরুরি। শিশু মৃত্যুর এই উদ্বেগজনক পরিসংখ্যান দেশের জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এমবি এইচআর