৩৫০ মাইল দূরে বদলি, ক্ষোভ প্রকাশ করে যা বললেন শিক্ষক নেতা

তিন দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Dec 6, 2025 - 15:57
 0  2
৩৫০ মাইল দূরে বদলি, ক্ষোভ প্রকাশ করে যা বললেন শিক্ষক নেতা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

তিন দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এই বদলির আদেশ দেওয়া হয়।

জানা গেছে, ময়মনসিংহ থেকে দুই শিক্ষক নেতাকে ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেমকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বরিশাল সদরের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। একই সঙ্গে হালুয়াঘাটের শিক্ষক নেতা মো. রোকনুজ্জামান রাসেলকে বদলি করা হয়েছে জামালপুর সদর উপজেলার এক বিদ্যালয়ে।

বদলির আদেশের পর শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন আবুল কাশেম। তিনি বলেন—
‘আমার মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের নেতৃত্ব দেওয়া শতাধিক শিক্ষককে বদলি করা হয়েছে পাশের জেলা ও বিভাগে। আরও অনেককে বদলি করা হতে পারে। কিন্তু এ নিয়ে কেউ বিচলিত হবেন না। প্রয়োজনে আইনি লড়াইয়ে যাবো, তবুও আন্দোলন থেকে সরে আসবো না।’

তিনি আরও বলেন, ‘আমাকে ৩৫০ মাইল দূরে বদলি করা হয়েছে। এতে আমি বিচলিত নই। নেতা হিসেবে বড় ঝড় আসবেই। আমি তা মোকাবিলা করতে প্রস্তুত। অনতিবিলম্বে আরও কঠোর কর্মসূচি ঘোষণা আসবে। প্রয়োজনে জেলেও যেতে প্রস্তুত আছি।’

আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের জিম্মি করে আমরা আন্দোলন করছি না। কৌশলগত কারণে ঢাকা থেকে আন্দোলন বিদ্যালয় পর্যায়ে আনা হয়েছে। পরীক্ষা নেওয়া হবে, তারপর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় করেই ঘরে ফিরব।’

এদিকে ময়মনসিংহের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় অধিদপ্তর থেকেই শিক্ষকদের বদলি করা হয়েছে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।’

এমবি এইচআর