অধ্যাদেশ চূড়ান্ত না হওয়ায় আবারও রাস্তায় সাত কলেজের শিক্ষার্থীরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন আরও বেগবান করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৮ ডিসেম্বর) তারা আবারও সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করবেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন আরও বেগবান করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৮ ডিসেম্বর) তারা আবারও সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করবেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন চালান। পরে জনদুর্ভোগের কথা বিবেচনায় অবরোধ তুলে নিলেও তারা জানিয়ে দেন—চূড়ান্ত অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে তারা উচ্চশিক্ষা কাঠামোর অনিশ্চয়তা নিরসনের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরা হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এর ফলে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন। তারা জানায়, জনদুর্ভোগ এড়াতে সড়ক থেকে সরে গেলেও শিক্ষা ভবনের পাশে অবস্থান কর্মসূচি চালু থাকবে।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সরকারি সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়। তবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশিত হলেও চূড়ান্ত অধ্যাদেশ এখনো সম্পন্ন হয়নি বলে জানান শিক্ষার্থীরা।
এমবি এইচআর

