ঘোড়ার দাম ১৫ কোটি, মহিষের ২৩ কোটি! রাজস্থানের পুসকার মেলায় চমকপ্রদ গবাদিপশু প্রদর্শনী
ভারতের রাজস্থানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পুসকার গবাদিপশুর মেলা, যেখানে এবার নজর কেড়েছে ১৫ কোটি রুপির এক ঘোড়া এবং ২৩ কোটি রুপির এক মহিষ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ভারতের রাজস্থানে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পুসকার গবাদিপশুর মেলা, যেখানে এবার নজর কেড়েছে ১৫ কোটি রুপির এক ঘোড়া এবং ২৩ কোটি রুপির এক মহিষ। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ব্যবসায়ী, পর্যটক এবং দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন এই দুই গবাদিপশু।
চণ্ডীগড় থেকে আড়াই বছর বয়সী ‘শাহবাজ’ নামের একটি পুরুষ ঘোড়া নিয়ে এসেছেন মালিক গ্যারি গিল। মর্যাদাশীল বংশের এই ঘোড়াটির দাম ধরা হয়েছে ১৫ কোটি রুপি। গ্যারি গিল জানান, শাহবাজ ইতোমধ্যেই বেশ কিছু প্রদর্শনীতে পুরস্কার জিতেছে। মেলায় এখন পর্যন্ত ৯ কোটি রুপি পর্যন্ত দাম উঠেছে এই মারওয়ারি জাতের ঘোড়াটির। এক ঝলক শাহবাজকে দেখতে প্রতিদিনই ভিড় জমছে মেলায়।
অন্যদিকে রাজস্থান থেকেই আসা ‘আনমোল’ নামের মহিষটি দর্শকদের মুগ্ধ করছে। দাম ধরা হয়েছে ২৩ কোটি রুপি। মালিকের দাবি, রাজকীয় আদরে বড় হয়েছে আনমোল—প্রতিদিনই তাকে দুধ, দেশি ঘি ও শুকনো ফলসহ বিশেষ খাবার খাওয়ানো হয়।
এছাড়া উজ্জয়িনী থেকে আনা রানা নামের আরেকটি মহিষের দাম ধরা হয়েছে ২৫ লাখ রুপি। ওজন ৬০০ কেজি, দৈর্ঘ্যে ৮ ফুট এবং উচ্চতায় ৫ ফুট ৫ ইঞ্চি। মালিক জানিয়েছেন, সাড়ে তিন বছর বয়সী এই মহিষ প্রতিদিন প্রায় দেড় হাজার রুপির খাবার খায়।
মেলার আরেক আকর্ষণ ‘বাদল’ নামের ঘোড়া, যা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে পুসকারে। দাম উঠেছে ১১ কোটি রুপি পর্যন্ত, তবে মালিক বিক্রিতে রাজি হননি।
রাজস্থানের পশুপালনের শতবর্ষের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর আয়োজিত হয় এই পুসকার পশুমেলা। এ বছর ২৩ অক্টোবর শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলবে মেলাটি। আয়োজকদের তথ্যমতে, এবার পর্যন্ত ৩ হাজার ২১টি গবাদিপশু অংশ নিয়েছে এই ঐতিহ্যবাহী উৎসবে।
এমবি এইচআর

