দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ৪ চিকিৎসকের নিবন্ধন বাতিল

Nov 15, 2025 - 16:12
 0  2
দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ৪ চিকিৎসকের নিবন্ধন বাতিল

মেঘনাবার্তা প্রতিনিধি:

দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজন চিকিৎসকের চিকিৎসা নিবন্ধন বাতিল করেছে ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। এই চিকিৎসকরা হলেন—মুজাফফর আহমেদ, আদিল আহমেদ রাথের, মুজাম্মিল শাকিল ও শাহীন সাঈদ। নিবন্ধন বাতিলের ফলে তারা আর ভারতে চিকিৎসা প্র্যাকটিস করতে পারবেন না।

এনএমসি জানায়, চিকিৎসা পেশার সততা ও জনআস্থার সঙ্গে তাদের আচরণ অসংগতিপূর্ণ এবং সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার ও তথ্য সংগ্রহ করেছেন জম্মু-কাশ্মির পুলিশ, জম্মু-কাশ্মির মেডিকেল কাউন্সিল ও উত্তরপ্রদেশ মেডিকেল কাউন্সিল।

বিস্ফোরণ ঘটেছিল ১০ নভেম্বর, দিল্লির লাল কিল্লার এলাকায় মেট্রো স্টেশনের কাছে। এতে ১৩ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন উমর নবী ঘটনাস্থলেই নিহত হন। তিনি নিজেও একজন চিকিৎসক ছিলেন।

এর আগে, অনন্তনাগে পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ-এর পোস্টার সাঁটতে গিয়ে আদিল আহমেদ রাথেরকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে ফরিদাবাদ থেকে মুজাফফর ও মুজাম্মিল, এবং শাহারানপুর থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়। ফরিদাবাদ ও শাহারানপুর থেকে মোট ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়, যার দু’দিনের মধ্যে ঘটে দিল্লির ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ।

এমবি/এসআর