মারা গেছেন নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন
মেঘনাবার্তা প্রতিনিধি: নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী এবং ডিএনএ’র গঠন উন্মোচনের অন্যতম আবিষ্কারক জেমস ওয়াটসন আর নেই। ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শনিবার (৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
বিশ শতকের অন্যতম বৈজ্ঞানিক মাইলফলক হিসেবে ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে যৌথভাবে ডিএনএ অণুর ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) গঠন আবিষ্কার করেন ওয়াটসন। এই আবিষ্কার আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।
ওয়াটসনের মৃত্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি, যেখানে তিনি দীর্ঘ সময় ধরে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬২ সালে তিনি ক্রিক এবং মরিস উইলকিনসের সঙ্গে ডিএনএ’র গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
তবে জীবনের শেষভাগে বর্ণ ও লিঙ্গ নিয়ে ওয়াটসনের বিতর্কিত মন্তব্য তার সুনামকে ক্ষুণ্ণ করে। আফ্রিকান বংশোদ্ভূত মানুষের বুদ্ধিমত্তা নিয়ে বর্ণবাদী মন্তব্যের জেরে ২০০৭ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ থেকে অপসারিত হন। ২০১৯ সালে অনুরূপ মন্তব্য পুনরায় করায় প্রতিষ্ঠানটি তার সব সম্মানসূচক উপাধি বাতিল করে।
১৯২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণকারী ওয়াটসন মাত্র ১৫ বছর বয়সে ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সময় ফ্রান্সিস ক্রিকের সঙ্গে পরিচয় হয় এবং সেখানেই তারা ডিএনএ’র ত্রিমাত্রিক মডেল তৈরি করেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার পর ১৯৬৮ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পরিচালক হন এবং এটিকে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা কেন্দ্রে রূপ দেন।
২০১৪ সালে তিনি নিজের নোবেল পদক নিলামে বিক্রি করেন। ৪ দশমিক ৮ মিলিয়ন ডলারে পদকটি কিনে পরে তা ওয়াটসনকে ফেরত দেন রুশ ধনকুবের।
এমবি/এসআর

