‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি
অপারেশন ‘সিন্দুর’কে ৮৮ ঘণ্টার একটি ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অপারেশন ‘সিন্দুর’কে ৮৮ ঘণ্টার একটি ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে পাকিস্তানকে শেখানো হবে—প্রতিবেশী দেশের সঙ্গে কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয়।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত চাণক্য প্রতিরক্ষা সংলাপ-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, অপারেশন সিন্দুর খুব কম সময়ের মধ্যে শেষ হলেও এটি ভারতের সামরিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তিনি জানান, পাকিস্তান যদি সুযোগ দেয়, তবে ভারত তাদের কাছে শক্ত বার্তা পৌঁছে দিতে দ্বিধা করবে না।
অপারেশন থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ওপর কথা বলতে গিয়ে জেনারেল দ্বিবেদী তিনটি বিষয়ের ওপর জোর দেন—বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পর্যাপ্ত রসদ মজুত রাখা এবং কমান্ড শৃঙ্খলের প্রতিটি স্তরে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা।
তিনি বলেন, “যখনই কোনো অপারেশন হয়, আমরা সেখান থেকে শিখি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—সময়ের সঠিক ব্যবহার এবং প্রতিটি স্তরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।”
দ্বিবেদী আরও জানান, দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনার কথা মাথায় রেখে চার বছর পর্যন্ত খাদ্য সরবরাহ ও গোলাবারুদ মজুত রাখার সক্ষমতা বাড়ানো ভারতের জন্য অত্যন্ত জরুরি।
এমবি এইচআর

