আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই যৌথ নৌ মহড়ায় চীন-রাশিয়া-ইরান
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। দেশ তিনটির নৌবাহিনী এক সপ্তাহব্যাপী যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে সেখানে অবস্থান নিয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যৌথ নৌ-মহড়া শুরু হবে। বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ নৌপথ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযানের সক্ষমতা জোরদার করাই এই মহড়ার মূল লক্ষ্য। খবর আল জাজিরার।
চীনের পক্ষ থেকে জানানো হয়, মহড়ায় সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুর ওপর হামলা, সন্ত্রাসবিরোধী উদ্ধার অভিযানসহ বিভিন্ন কৌশলগত সামরিক অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে।
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের দক্ষিণে অবস্থিত সাইমন’স টাউন নৌঘাঁটির আশপাশে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজগুলোকে চলাচল করতে দেখা গেছে। এই নৌঘাঁটিটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নৌ স্থাপনা হিসেবে পরিচিত। এখানেই ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল অবস্থিত।
এই মহড়ায় ব্রিকস জোটভুক্ত অন্য কোনো দেশ অংশ নিচ্ছে কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। উল্লেখ্য, ব্রিকস জোটের সদস্য দেশগুলোর মধ্যে ব্রাজিল, ভারত ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশ রয়েছে।
দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, এই মুহূর্তে মহড়ায় অংশগ্রহণকারী সব দেশের নাম নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি জানান, মহড়াটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে।
দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই যৌথ নৌ-মহড়া অংশগ্রহণকারী নৌবাহিনীগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ কার্যকরী সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে এটি গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা এবং আঞ্চলিক সামুদ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে।
এই নৌ-মহড়াটি এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে, যখন গত শনিবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ওই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।
এমবি এইচআর

