ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন নামঞ্জুর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আপিল বিভাগ।

Oct 28, 2025 - 16:09
 0  2
ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন নামঞ্জুর
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আপিল বিভাগ।

সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর মামলাটির ফের জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এসময় রাষ্ট্রপক্ষ আপিল বিভাগকে জানান, মামলাটির তদন্ত বর্তমানে গোয়েন্দা শাখা (ডিবি) করছে। এর পরিপ্রেক্ষিতে জামিন দেয়া সমীচীন হবে না। রিভার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের।

তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে অবস্থান করছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গত বছরের ১৫ ডিসেম্বর ভাটারা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও এতে অংশগ্রহণ করেন। আন্দোলন চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে রিভার বিরুদ্ধে। ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে নেতৃত্ব দিতে অক্ষম হয়ে রিভা পালিয়ে যান এবং পরবর্তীতে আত্মগোপনে ছিলেন।

এমবি এইচআর