ছবি বিকৃতির ঘটনায় শাহবাগ থানায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া (মোনামি) নিজের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। সোমবার সকালে তিনি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

Nov 3, 2025 - 14:08
Nov 3, 2025 - 14:58
 0  4
ছবি বিকৃতির ঘটনায় শাহবাগ থানায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া (মোনামি) নিজের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। সোমবার সকালে তিনি শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলার সময় তাঁর সঙ্গে ছিলেন ডাকসুর কয়েকজন সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, শেহরীন আমিন ভুইয়া ম্যাম তাঁর ছবি সম্পাদনা করে ফেসবুকে ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। মামলার সার্বিক সহায়তা করেছেন তিনি নিজে। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করায় এই মামলায় ১ নম্বর বিবাদী (আসামি) সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার, ২ নম্বর বিবাদী লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ৩ নম্বর বিবাদী ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং ৪ নম্বর বিবাদী আশফাক হোসাইন ইভান।

এজাহারে আসামিদের ফেসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

জাকারিয়া আরও জানান, অধিকতর তদন্তের জন্য মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী ছবি বা ভিডিও বিকৃত করে হয়রানির শিকার হলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা ছবি বিকৃত করেছেন, অশালীন মন্তব্য করেছেন বা সেই পোস্ট শেয়ার করেছেন—সকলকে আইনের আওতায় আনা হবে। সাইবার বুলিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।

এমবি এইচআর