শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সোমবার সরাসরি সম্প্রচার করা হবে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সোমবার সরাসরি সম্প্রচার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি অনুযায়ী বাংলাদেশ টেলিভিশন রায় ঘোষণার পাঠ করা অংশটি সরাসরি দেখাবে এবং বিটিভির মাধ্যমে অন্যান্য গণমাধ্যমও তা সম্প্রচার করতে পারবে।
রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, ট্রাইব্যুনাল যে অংশটি আদালতে পড়ে শোনাবেন, শুধু সেই অংশটুকু লাইভ দেখানো হবে।
আগামীকাল বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এই মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। সাবেক আইজিপি মামুন মামলায় ‘অ্যাপ্রুভার’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।
এমবি এইচআর

