বাংলাদেশে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা, ভেঙ্গে পড়ার ঝুঁকিতে ঢাকার অর্ধেক ভবন

দক্ষিণ-পূর্ব এশিয়ার ব-দ্বীপ বাংলাদেশে বিশাল এক ভূমিকম্পের আশঙ্কা দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞদের উদ্বেগের বিষয়। দেশের ভৌগোলিক অবস্থান এবং দুর্যোগ মোকাবিলায় সীমিত সক্ষমতার কারণে এই ঝুঁকি আরও ভয়াবহ হয়ে উঠছে।

Oct 14, 2025 - 20:29
 0  7
বাংলাদেশে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা, ভেঙ্গে পড়ার ঝুঁকিতে ঢাকার অর্ধেক ভবন
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি:

দক্ষিণ-পূর্ব এশিয়ার ব-দ্বীপ বাংলাদেশে বিশাল এক ভূমিকম্পের আশঙ্কা দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞদের উদ্বেগের বিষয়। দেশের ভৌগোলিক অবস্থান এবং দুর্যোগ মোকাবিলায় সীমিত সক্ষমতার কারণে এই ঝুঁকি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় বাংলাদেশে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

সম্প্রতি দেশের ভেতরে ও আশপাশে ছোট থেকে মাঝারি ভূকম্পন বারবার অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে এবং বহু স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানিয়েছেন, বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠনই দেশটিকে বিপজ্জনক ঝুঁকির মধ্যে ফেলেছে। অপরদিকে, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারির গবেষণায় দেখা গেছে, একটি বড় ভূমিকম্প হলে রাজধানী ঢাকার প্রায় অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেন মনে করেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলার ২০ শতাংশ সক্ষমতাও নেই বাংলাদেশের।

তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য নতুন কর্মপদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুতি বাড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত নগরায়ন, ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণ এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

এমবি এইচআর