অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর এই কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর এই কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে।
মঙ্গলবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানান, সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে আন্দোলন স্থগিত করা হয়েছে এবং বুধবার থেকেই শিক্ষকরা ক্লাসে ফিরবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) হারে এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭.৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত এ সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িভাড়া ভাতা প্রদানের ক্ষেত্রে দুটি ধাপ অনুসরণ করা হবে—প্রথম ধাপে ২০২৫ সালের নভেম্বর থেকে এবং দ্বিতীয় ধাপে ২০২৬ সালের জুলাই থেকে।
শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত কোনো একক পক্ষের নয়, বরং এটি একটি যৌথ সাফল্য। দীর্ঘ আন্দোলনের পর সংলাপ ও সমঝোতার মাধ্যমে শিক্ষকরা তাদের প্রাপ্যতার স্বীকৃতি পেয়েছেন। এখন সময় শ্রেণিকক্ষে ফিরে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর।
গত ১২ অক্টোবর থেকে শিক্ষকরা প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, মিছিল ও অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। তাদের তিন দফা দাবি ছিল—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা।
সরকারের এই নতুন সিদ্ধান্তে শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটলেও অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনার দ্বার খোলা থাকবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
এমবি এইচআর

