দেশের ক্রান্তিকালে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : প্রেসসচিব
জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের সংকটময় সময়ে উপদেষ্টারা জাতির হাল ধরেছিলেন এবং দায়িত্বশীলতার সঙ্গে তা পালন করেছেন।
সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসসচিব বলেন, “গত ১৫ মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। তারা যে দায়িত্ব পালন করেছেন, সেটা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা এখন সফলতার একেবারে কাছাকাছি। পুরনো বাংলাদেশের যে ঘাটের চিত্র, আমরা সেই ঘাটের কাছাকাছি আছি। এখন মেঘ কেটে গেছে, শরতের শুভ্র আকাশ দেখা যাচ্ছে। আশা করছি, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেট ছিল প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা, শেখ হাসিনার সময়কার গুম-খুনের বিচার করা এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। তার ভাষায়, “দুটো কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি।”
তিনি বলেন, “কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আশা করছি, নির্বাচনের প্রস্তুতি দ্রুতই সম্পন্ন হবে এবং জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব।”
এমবি এইচআর

