প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।

Oct 24, 2025 - 16:12
 0  2
প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই এ সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার পরিবর্তে সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

এর আগে, গত জুলাইয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফরের প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফর ঘিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ও প্রাথমিক সময়সূচিও নির্ধারণ করা হয়েছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশ নেন।

এমবি এইচআর