ঐকমত্য কমিশনের কাজ শেষ, মঙ্গলবার সরকারের হাতে সুপারিশ হস্তান্তর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশ মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেবে জাতীয় ঐকমত্য কমিশন।

Oct 27, 2025 - 20:26
 0  2
ঐকমত্য কমিশনের কাজ শেষ, মঙ্গলবার সরকারের হাতে সুপারিশ হস্তান্তর
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশ মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেবে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের শেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে কমিশনের সুপারিশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “কমিশনের আলোচনার দলিল, ভিডিও, অডিও ও চিঠিপত্রগুলো জাতির জন্য অমূল্য সম্পদ। এগুলো দীর্ঘমেয়াদে সংরক্ষণ ও উন্মুক্ত রাখা জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ও গবেষকরা এ থেকে উপকৃত হতে পারে।”

তিনি আরও বলেন, “প্রতিটি বৈঠক, আলাপ, সিদ্ধান্ত ও প্রচারিত অনুষ্ঠান ইতিহাসের দলিল হয়ে থাকবে। এটি হবে ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার ভিত্তি।”

বৈঠকে কমিশন সদস্যরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

প্রফেসর আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশে একটি স্থায়ী, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি গড়তে কাজ করেছে। রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করেই আমরা সুপারিশ চূড়ান্ত করেছি।”

তিনি আরও যোগ করেন, “চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকারের তিনটি মূল দায়িত্ব—বিচার, সংস্কার ও নির্বাচন—এর মধ্যে সংস্কার অংশের রূপরেখা তৈরি করাই ছিল আমাদের দায়িত্ব। এই ঐক্য যেন ভবিষ্যতেও অটুট থাকে সেটিই এখন চ্যালেঞ্জ।”

ড. বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের সাহসিকতা ও আন্তরিকতা প্রয়োজন। গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।”

বিচারপতি এমদাদুল হক বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ও ধৈর্য দেখা গেছে, তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”

ড. ইফতেখারুজ্জামান বলেন, “জুলাই সনদের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের সংস্কারও জরুরি। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে সনদের লক্ষ্য পূরণ অসম্ভব।”

অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, “জুলাইয়ের শহীদ পরিবারগুলো মনে করে, সংস্কার নিশ্চিত না হলে তাদের সন্তানদের আত্মত্যাগ বৃথা যাবে। এ দায়িত্ব এখন সরকারের।”

আগামী মঙ্গলবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত সুপারিশ হস্তান্তর করবে।

এমবি এইচআর