সরকারি ব্যয়ে বন্ধ বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা, দ্রুত হচ্ছে সংশোধিত বাজেট
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট দ্রুত প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। একই সঙ্গে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন নীতি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট দ্রুত প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। একই সঙ্গে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন নীতি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরে যানবাহন ক্রয় খাতে বরাদ্দ থাকা অর্থ ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।
অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে ‘২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন (পরিচালন ও উন্নয়ন) প্রণয়ন’ শিরোনামে চলতি সপ্তাহে একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না। চলমান সংকোচনমূলক নীতির প্রেক্ষাপটে সংশোধিত বাজেটে ব্যয় সাশ্রয়ের নীতি অনুসরণ করতে হবে।
এর আওতায় বিদেশ ভ্রমণ, গাড়ি কেনাসহ একাধিক খাতে ব্যয় বন্ধ থাকবে। সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৯ নভেম্বরের মধ্যে তাদের সংশোধিত বাজেট প্রাক্কলন অর্থ বিভাগে পাঠাতে হবে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সংশোধিত বাজেট প্রাক্কলন অবশ্যই মূল বাজেটের বরাদ্দসীমার মধ্যেই থাকতে হবে। অতিরিক্ত বরাদ্দের দাবি জানানো যাবে না। তবে সরকারের অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে মূল বাজেটের সীমার মধ্যে একই ধরনের অন্যান্য খাতের বরাদ্দ সমন্বয় করা যাবে।
কৃচ্ছ্রসাধননীতির অংশ হিসেবে সরকারি খরচে সব ধরনের বৈদেশিক ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় ক্ষেত্রে যথাযথ অনুমোদনক্রমে সীমিত বিদেশ ভ্রমণ করা যাবে। একই সঙ্গে গাড়ি, জাহাজ ও বিমান কেনা বন্ধ থাকবে।
শুধু অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ১০ বছরের বেশি পুরনো গাড়ি প্রতিস্থাপন হিসেবে নতুন গাড়ি কেনা যাবে। পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয়ও বন্ধ থাকবে, তবে উন্নয়ন বাজেটের আওতায় শর্ত সাপেক্ষে ব্যয়ের সুযোগ থাকবে।
অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় খরচ কমানোর দিকটি এখন অগ্রাধিকার পাচ্ছে। সংশোধিত বাজেটে এর প্রতিফলন দেখা যাবে আগামী ডিসেম্বরে। সাধারণত অর্থবছরের দ্বিতীয়ার্ধে বাজেট সংশোধন করা হলেও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় এবার আগেভাগেই সংশোধিত বাজেট প্রণয়ন করা হচ্ছে।
এমবি এইচআর

