নির্বাচন ঠেকাতে পারবে না কোনো শক্তি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব
জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে—এটি পেছানোর মতো কোনো শক্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে—এটি পেছানোর মতো কোনো শক্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, তবে যেকোনো সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।</span>
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রেসসচিব বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, আমরা সেগুলোকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা দেশের স্বার্থেই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত নেবেন।”
এ সময় তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার প্রসঙ্গেও কথা বলেন। জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করবেন।
তরুণদের মেধা বিকাশে আয়োজিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল।
এমবি এইচআর

