দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানাল অন্তর্বর্তী সরকার

রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো নতুন উদ্যোগ নেবে না বলে জানানো হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা পড়ার পর এখন দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে।

Nov 3, 2025 - 13:22
 0  2
দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানাল অন্তর্বর্তী সরকার
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো নতুন উদ্যোগ নেবে না বলে জানানো হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা পড়ার পর এখন দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। এই আলোচনার জন্য এক সপ্তাহের সময় নির্ধারণ করেছে সরকার।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, কারণ তারা বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করেছেন। সভায় জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশের খসড়া চূড়ান্তকরণ, গণভোট আয়োজন এবং ভোটের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, “বহুদিন আলোচনা চলার পরও কয়েকটি সংস্কার-সংক্রান্ত সুপারিশে এখনো ভিন্নমত রয়েছে। পাশাপাশি গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়ে গেছে, যা উদ্বেগের কারণ।”

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সময় নষ্টের কোনো সুযোগ নেই। সরকারের লক্ষ্য ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “আমরা কোনো আল্টিমেটাম দিইনি, কেবল আহ্বান জানিয়েছি। দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একমত হতে বলা হয়েছে। তারা যদি একমত না হতে পারে, সরকার তখন সরকারের মতোই সিদ্ধান্ত নেবে।”

তিনি বলেন, “সরকার ইতিমধ্যে বহুবার আলোচনার উদ্যোগ নিয়েছে। এখন ফ্যাসিবাদবিরোধী দলগুলো, যারা ১৫ বছর ধরে একসঙ্গে আন্দোলন করেছে, তাদেরই স্বউদ্যোগে আলোচনায় বসে একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা উচিত। আমরা আশা করি তারা সেই নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবে।”

উপদেষ্টা আরও জানান, ইতোমধ্যে একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান এসেছে, সরকার সেটিকে স্বাগত জানিয়েছে।

এমবি এইচআর