বকেয়া পরিশোধ না হলে, ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি আদানি পাওয়ারের
মেঘনাবার্তাঃ ভারতের আদানি পাওয়ার লিমিটেড জানিয়েছে, ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হতে পারে। এ কথা জানিয়েছেন কোম্পানির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ।
তিনি ৩১ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, বিপিডিবি এখনও ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে, যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার স্বীকৃত অপরিশোধিত বিল। আদানি পাওয়ার জানায়, ২০১৭ সালের পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের শর্ত অনুযায়ী এই পরিস্থিতিতে সরবরাহ বন্ধ করার অধিকার তাদের রয়েছে।
চিঠিতে বলা হয়, যদিও সরবরাহ বন্ধ থাকবে, কোম্পানি ক্যাপাসিটি পেমেন্ট পাওয়ার অধিকার রাখে। এর আগে, গৌতম আদানি ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছিলেন। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আংশিক অর্থ পরিশোধ করা হলেও এখনো বড় অঙ্ক বাকি রয়েছে।
বিদ্যুৎ বিভাগের সূত্রে জানা গেছে, বিপিডিবি বর্তমানে সরকারের ন্যাশনাল রিভিউ কমিটির নির্দেশনায় কাজ করছে। কমিটি আদানি পাওয়ারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং চূড়ান্ত প্রতিবেদন আগামী জানুয়ারিতে প্রকাশ করা হবে।
এমবি/এসআর

