আগারগাঁও ও প্রগতি সরণিতে ফ্যাসিবাদবিরোধী তোরণ উদ্বোধন
রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে নির্মিত দুটি নতুন তোরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ তোরণ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে নির্মিত দুটি নতুন তোরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ তোরণ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম রাখা হয়েছে ‘মুক্তি তোরণ’, আর প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’।
উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এসব স্থাপনা জাতির ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে তুলবে। তিনি বলেন, “এই তোরণগুলো শুধু স্মৃতিচিহ্ন নয়, এটি আমাদের স্বাধীনচেতা চেতনার প্রতীক। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছিলেন, সেটিরই স্মারক হয়ে থাকবে এই তোরণগুলো।”
তিনি আরও বলেন, শহর থেকে অন্যায় ও বিশৃঙ্খলা দূর করা এখন নাগরিক দায়িত্ব। “যেভাবে আমরা জুলুমকারীদের উৎখাত করেছি, সেভাবেই শহরকে অপরিচ্ছন্নতা ও বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে হবে,” যোগ করেন তিনি।
প্রগতি সরণিতে নির্মিত ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধনের সময় প্রশাসক জানান, এই অঞ্চলের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তরুণেরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের সাহসিকতা ও অবদানকে শ্রদ্ধা জানাতেই এই তোরণটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমবি এইচআর

