করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং চালু; বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্যে যুগান্তকারী পদক্ষেপ

Nov 8, 2025 - 11:09
 0  3
করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং চালু; বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্যে যুগান্তকারী পদক্ষেপ

মেঘনাবার্তা প্রতিনিধি: দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে পাকিস্তান ও বাংলাদেশ। এর ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের সময় ও ব্যয় উভয়ই কমেছে, বাণিজ্যিক সম্পর্কও আরও সুদৃঢ় হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় বেশ কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে।”

অনলাইন সামা টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগে করাচি থেকে চট্টগ্রামে পণ্য পৌঁছাতে যেখানে ২৩ দিন লাগত, এখন লাগছে মাত্র ১০ দিন। ফলে লজিস্টিক দক্ষতা বেড়েছে এবং পরিবহন ব্যয় কমেছে।

আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে বাংলাদেশ ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানি পণ্যের জন্য ১০০ শতাংশ পরিদর্শন বাধ্যবাধকতা তুলে নিয়েছে। ইসহাক দার বলেন, এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে আস্থা বাড়াবে এবং বাণিজ্য আরও গতিশীল করবে।

তিনি আরও জানান, ২০২৪ সালের ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে চুক্তির আওতায় পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশে ৫০ হাজার টন চাল রপ্তানি করেছে এবং মোট ২ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের দুই শতাধিক কোম্পানির অংশগ্রহণ পাকিস্তানের শিল্পখাতে বাংলাদেশের প্রতি আগ্রহের প্রতিফলন।

সামুদ্রিক যোগাযোগের পাশাপাশি দুই দেশ এখন সরাসরি আকাশপথ চালুর প্রস্তুতিও নিচ্ছে। পাকিস্তানের দুটি বেসরকারি বিমানসংস্থাকে ইতোমধ্যে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ। সময়সূচি ও লজিস্টিক চূড়ান্ত হলে এই ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেন ইসহাক দার।

তিনি বলেন, “সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসা ও পর্যটন—উভয় ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।”

এমবি/এসআর