৩ দাবিতে ফের বিক্ষোভ; শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা
মেঘনাবার্তা প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আবারও আন্দোলনে নেমেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনের মূল কারণ কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানিয়েছেন, সহকারী শিক্ষকরা তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো:
১. দশম গ্রেডে বেতন বাস্তবায়ন
২. চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রাপ্তি সংক্রান্ত জটিলতা নিরসন
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক দশম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড ও পদোন্নতির অধিকার আদায়ে অবস্থান নেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এবার রাজপথে দাবি আদায় করেই ঘরে ফিরব।”
প্রসঙ্গত, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল প্রধান শিক্ষকদের বেতন উন্নীত করার ঘোষণা দিয়েছিল, তবে সহকারী শিক্ষকরা এখনও সন্তুষ্ট নন।
আন্দোলনে অংশ নিয়েছে আরও কয়েকটি সংগঠন, যেমন—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও তৃতীয় ধাপে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এমবি/এসআর

