৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল করল সরকার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল করে নতুন গেজেট প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল করে নতুন গেজেট প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে। জুলাই যোদ্ধা ও শহীদ তালিকা প্রকাশের পর থেকেই নামসংক্রান্ত নানা অভিযোগ ও বিতর্কের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
শুরু থেকেই অভিযোগ ছিল—‘জুলাই অভ্যুত্থান’-এ অংশ না নেওয়া অনেকের নাম তালিকায় যুক্ত হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধাও ভোগ করে আসছিলেন। এসব সুবিধার মধ্যে আছে—নিহতদের পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা, মাসিক ২০ হাজার টাকা ভাতা এবং বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ।
এ ছাড়া আহত তালিকায় থাকা ব্যক্তিদের জন্য ক্যাটাগরি অনুযায়ী মাসে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাতা, অঙ্গহানি হলে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। পাশাপাশি চিকিৎসা সুবিধা, সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার, পুনর্বাসনসহ বিভিন্ন সুবিধাও রয়েছে।
বিতর্ক বাড়তে থাকায় তালিকাটি পুনরায় যাচাই করতে জেলা প্রশাসকদের চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যাচাই-বাছাইয়ের পর দেখা যায়, তালিকায় এমন অনেক ব্যক্তি আছেন যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেননি। ফলে সরকার নিজস্ব উদ্যোগেই তৈরি করা তালিকারই ৫৩ জনের নাম বাতিল করে দেয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানায়।
এমবি এইচআর

