আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে ইসির কারণ দর্শানোর নোটিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী।
বুধবার (১৪ জানুয়ারি) তাকে এই নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, মামুনুল হক নির্বাচনী এলাকা ১৮৬, ঢাকা-১৩ আসনে প্রার্থী হিসেবে গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে অনুসারীদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন—এমন সংবাদ একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ইসি জানায়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিন (১২ ফেব্রুয়ারি) থেকে তিন সপ্তাহের আগেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এমবি এইচআর