মধ্যরাতে বাসা থেকে সাংবাদিক সোহেলকে তুলে নিল ডিবি
মেঘনাবার্তা প্রতিনিধি:
মধ্যরাতে গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে দৈনিক ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে রাজধানীর বাড্ডার বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেন, বুধবার রাত ১২টার পর কয়েকজন ব্যক্তি ডিবি সদস্য পরিচয় দিয়ে সোহেলকে বাসা থেকে নিয়ে যায়।
ঘটনার সত্যতা জানতে তিনি ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে কেন গভীর রাতে একজন সাংবাদিককে বাসা থেকে নিয়ে যাওয়া হলো—সে প্রশ্নের স্পষ্ট জবাব তিনি দিতে পারেননি।
উদ্ধৃত তথ্য অনুযায়ী, সোহেলকে তুলে নেওয়ার সময় আশরাফুল নামের এক পুলিশ সদস্য তাঁর স্ত্রীকে জানান, ডিবি প্রধান কথা বলতে চান এবং কথা শেষে তাঁকে বাসায় ফিরিয়ে দেওয়া হবে। তবে রাতের এই আকস্মিক পদক্ষেপকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে।
জুলকারনাইন সায়েরের মতে, স্মার্টফোন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মোবাইল বিক্রেতাদের সঙ্গে আলোচনা ছাড়াই একটি নেদারল্যান্ডস–ভিত্তিক পক্ষ এনইআইআর কার্যক্রম শুরু করতে চাইছিল। এ নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা গণমাধ্যমের সহযোগিতায় জনমত গঠনের উদ্দেশ্যে বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেই আয়োজনকে সফল করতে সাংবাদিক সোহেল পরামর্শ দিয়ে আসছিলেন।
সায়ের দাবি করেন, সংবাদ সম্মেলন বানচাল করা ও ব্যবসায়ীদের ভয় দেখানোর উদ্দেশ্যে প্রভাবশালী একটি মহলের ইশারায় এই মধ্যরাতের পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। তাঁর ভাষ্যে, এভাবে পুলিশকে ব্যবহার করে একজন সাংবাদিককে তুলে নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও প্রশ্ন তোলেন, এই ঘটনার পেছনে নির্দিষ্ট বিদেশি সহকারীর ভূমিকা থাকলে গণমাধ্যমকর্মীদের উচিত তাঁর কর্মকাণ্ড ভবিষ্যতে কীভাবে কাভার করা হবে তা পুনর্বিবেচনা করা।
এমবি/এসআর

